কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল ও শোডাউনের প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টা ৫৫ মিনিটে মুরাদনগর সদর ইউনিয়নের আলীরচর চান্দ মিয়া মোল্লা ডিগ্রি কলেজ মাঠে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল ও শোডাউনের প্রস্তুতি নিচ্ছিলেন ।
এ সময় জনমনে ভীতি সৃষ্টি এবং সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে তারা প্রস্তুতি নিচ্ছিলেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
বিষয়টি জানতে পেরে মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে এসআই সুমন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৬ জনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলো জাহিদুল ইসলাম (২১), সাকিব (১৯), ইব্রাহিম (২০), নুরুজ্জামান (২১), মেহেদী মমিন সাহেদ (২২) ও সাইফুল (১৮)।
গ্রেপ্তার ছয়জনের মধ্যে তিনজনের বাড়ি পার্শ্ববর্তী তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নে এবং অপর তিনজনের বাড়ি মুরাদনগর উপজেলার জাহাজপুর ইউনিয়নে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় এজাহারনামীয় ২২ জন এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ছয়জনকে বুধবার সকালে কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মিজানুর রহমান কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি 
























