রাজধানীর মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রায় ১.০৮৪০ একর সরকারি জমি অবৈধভাবে দখলে রেখেছে আবাসন প্রতিষ্ঠান ‘ইস্টার্ন হাউজিং’।
রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত এই বিশাল জমির বর্তমান বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা।সরকারি নথিপত্রের তথ্য অনুযায়ী, মহাখালী বাস টার্মিনালের পূর্ব পাশে ইস্টার্ন হাউজিংয়ের মোট ৩.৪১৩৩ একর জমির মধ্যে বৈধ জমির পরিমাণ ১.৭৫ একর। তবে বাস্তবে প্রতিষ্ঠানটি ২.৮ একর জমি নিজেদের দখলে রেখে দিয়েছে, যার মধ্যে সওজের এই বিশাল অংশটি রয়েছে।তীব্র যানজটের কারণ ও ট্রাফিক পুলিশের উদ্যোগবর্তমানে ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি বাস চলাচল করায় মহাখালী টার্মিনালে তীব্র জায়গার সংকট দেখা দিয়েছে।
টার্মিনালে জায়গা না পেয়ে বাধ্য হয়ে চালকেরা প্রধান সড়কেই বাস পার্কিং করছেন। এর ফলে মহাখালী ফ্লাইওভার, আমতলী এবং গুলশান লিংক রোডে প্রতিদিন দীর্ঘ ও অসহনীয় যানজটের সৃষ্টি হচ্ছে। অথচ টার্মিনালের ঠিক পাশেই সওজের এই বিশাল সরকারি জমিটি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে যানজট নিরসনকল্পে অবৈধ দখলে থাকা জমিটি দ্রুত উদ্ধার করার উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্ধারকৃত জমিটি সাময়িকভাবে মহাখালী টার্মিনালের নামে বরাদ্দ দেওয়ার জন্য সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে (ডিএনসিসি) চিঠি দিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ।
নিজস্ব প্রতিবেদক 


















