প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীর কালুখালী উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণের গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বৃক্ষরোপণের বহুমুখী উপকারিতা সম্পর্কে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষকরা শিক্ষার্থীদের নিজ হাতে রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ‘সবুজ বাংলাদেশ’ গড়ার স্বপ্ন বাস্তবায়ন এবং পরিবেশ দূষণ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষপ্রেমী হিসেবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও সবুজ বাংলাদেশ বিনির্মাণ সহজ হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তোলা এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। বিদ্যালয়ভিত্তিক এ উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আনোয়ারুল ইসলাম স্টাফ রিপোর্টার 




















