ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চক চন্দ্রপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে একটি বসতবাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ জুন ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
পরিবারের অভিযোগ, ৬ থেকে ৮ জনের একটি দুর্বৃত্ত দল মোটরসাইকেলে করে এসে বসতবাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে ঘটনাস্থল থেকে আগুন লাগাতে ব্যবহৃত একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়েছে বলে জানান তারা।
ভুক্তভোগী মো. সেলিম মিয়া জানান, পূর্বপরিকল্পিতভাবে তাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আগুনে নগদ ২ লাখ ৮০ হাজার টাকা, প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল, ঘরের আসবাবপত্র, জমির দলিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।
খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কসবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি তারা কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য জনাব মুশফিকুর রহমানের সহযোগিতা কামনা করেছেন।
কসবা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, অগ্নিসংযোগের অভিযোগ এবং প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি ভুক্তভোগী পরিবারের। ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কসবা প্রতিনিধি: মোরশেদ আলম 
























