চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি জানায়, সোমবার (৩০ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের চামুচা বিওপির নায়েব সুবেদার (সিগন্যাল) মো. ময়নুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৭/২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের মাগুড়া মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজিবি আরও জানায়, জব্দকৃত মোবাইল ফোনগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া গত তিন মাসে মহানন্দা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে মোট ১৩৩টি চোরাই মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোহাঃ রকিব উদ্দীন স্টাফ রিপোর্টার 























