শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের বিকাশ এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মধ্যে সমন্বিত ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৩টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আয়ুব আলী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, কালুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আইনশৃঙ্খলা কমিটির সদস্য কে. এম. আইনুল হাবীব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মঞ্জুর হোসেন মঞ্জু, উপজেলা যুবদলের আহবায়ক মো. জিল্লুর রহমান, যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সদস্য আজমীর হোসেন খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জামাল খান, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তালেব, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক শংকর চন্দ্র বৈদ্য বলেন, একটি শিশুর প্রকৃত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে সমন্বিত সম্পর্ক গড়ে তোলার বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, তাদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো আন্তরিকতার সঙ্গে পাঠদান করতে হবে। সময়মতো শ্রেণিকক্ষে পাঠদান, দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা এবং প্রযুক্তিনির্ভর ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণেরও আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন, নৈতিক শিক্ষা, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং মাদক, বাল্যবিয়ে ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সমাবেশে অভিভাবকরা শিক্ষার্থীদের পড়াশোনা, নিয়মিত উপস্থিতি, পরীক্ষার ফলাফল, শৃঙ্খলা, বিদ্যালয়ের পরিবেশ, সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষার মানোন্নয়ন নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। একই সঙ্গে অভিভাবকদের গঠনমূলক মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে গ্রহণ করে তা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আয়ুব আলী বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করছেন। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, বাড়িতে পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে শুধু বিদ্যালয় বা শিক্ষক নয়, অভিভাবকদেরও সমান দায়িত্ব রয়েছে। শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি আদর্শ শিক্ষার পরিবেশ গড়ে তোলা সম্ভব।
শেষে বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান আরও উন্নয়ন, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ এবং একটি নিরাপদ, সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আনোয়ারুল ইসলাম স্টাফ রিপোর্টার 























