নিউজিল্যান্ড সিরিজের সংবাদ সম্মেলন করতে এসে ফিল সিমন্সকে উত্তর দিতে হয়েছে বারবার বিসিবি সভাপতি পরিবর্তন ইস্যুতেও। আগামী শুক্রবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। তার আগে প্রধান কোচের কাছে সংবাদ সম্মেলনে প্রথম বেশ কিছু প্রশ্নের মধ্যে ৫টিই ছিল ক্রিকেট বোর্ডের পরিবর্তন নিয়ে।
২০২৪ সালের অক্টোবরে হেড কোচ হিসেবে বাংলাদেশ দলের দায়িত্ব নেন সিমন্স। তখন তামিম ইকবাল ক্রিকেট খেলেছেন, সেই তামিমই এখন বিসিবি সভাপতি। বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর তিনজন সভাপতি পেলেন সিমন্স।
দায়িত্ব নেওয়ার পর দেড় বছরে তিনজন বিসিবি সভাপতি দেখে অবাক হয়েছেন কি না প্রশ্নে সিমন্স বলেন, ‘এখন আর জীবনে কিছুতেই আমি অবাক হই না। আর এর সঙ্গে বাংলাদেশ বা অন্য কিছুর কোনো সম্পর্ক নেই, এটা শুধু জীবনের ব্যাপার। আমি জীবনে অনেক কিছু দেখেছি, তাই জানি প্রতিদিনই অনেক কিছু ঘটে। তাই কোনো কিছুতেই আমি অবাক হই না।’
নতুন সভাপতি তামিম ইকবালের সঙ্গে এর মধ্যে আলাপও হয়েছে সিমন্সের, ‘হ্যাঁ, আমাদের স্টাফদের সঙ্গে তার কথা হয়েছে। এরপর দুই দিন আগে যখন খেলা চলছিল তখন তিনি ড্রেসিংরুমে এসেছিলেন এবং আমাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেছেন। তাই হ্যাঁ, কয়েকবার কথা হয়েছে।’
মাঠের বাইরের এসব পরিবর্তন ক্রিকেটারদের প্রস্তুতিতেও কোনো প্রভাব ফেলছে না বলে মনে করেন সিমন্স, ‘প্রথমত, এতে আমাদের কাজ বা আমরা কীভাবে অনুশীলন করি—এসবের ওপর কোনো প্রভাব পড়েনি। আমাদের যে ক্যাম্প ছিল সেটাও প্রভাবিত হয়নি। পরিকল্পনা অনুযায়ী সেটি হয়েছে এবং আমরা সেটিই করেছি। খেলোয়াড়দের ওপর এর কোনো প্রভাব পড়েছে কি না জানতে চাইলে তাদেরই জিজ্ঞেস করতে হবে। কারণ আমি মনস্তাত্ত্বিক কোনো প্রভাব দেখিনি। তারা সব কাজই করেছে, যেমনটা সাধারণত করে, বরং কেউ কেউ আরও বেশি পরিশ্রম করেছে। তাই সিরিজের প্রস্তুতির জন্য যা যা দরকার তারা এখনো সেগুলোই করে যাচ্ছে।
ক্রীড়া প্রতিবেদক 

























