‘ক্রিকেটের বাইবেল’ হিসেবে পরিচিত উইজডেন ক্রিকেটার্স’ অ্যালামনাক-এর ১৬৩তম সংস্করণ প্রকাশিত হচ্ছে আগামীকাল (বুধবার)। আগের দিন (মঙ্গলবার) ঘোষণা করা হলো বর্ষসেরার নাম। ২০২৫ সালে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিতে লিডিং মেন’স ক্রিকেটার হয়েছেন মিচেল স্টার্ক। আর ঘরের মাঠে ভারতের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে লিডিং উইমেন’স প্লেয়ার হয়েছেন দীপ্তি শর্মা।
এক বর্ষপঞ্জিকায় ১১ টেস্টে ১৭.৩২ গড়ে ৫৫ উইকেট নেন স্টার্ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করেন ৯ রানের বিনিময়ে ৬ উইকেট পান। সেই ফর্ম ধরে রেখে গত অ্যাশেজের প্রথম দুই টেস্টে ১৭ উইকেট নেন। ১৯.৯৩ গড়ে ৩১ উইকেট নিয়ে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন।
২৮ বছর বয়সী দীপ্তি ছিলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়। নাভি মুম্বাইয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত ৫২ রানে জিতে প্রথম ৫০ ওভারের বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে। এই সাফল্যের পথে দীপ্তি ৩০.৭১ গড়ে ২১৫ রান করার পাশাপাশি ২০.৪০ গড়ে ২২ উইকেট নেন। ফাইনালে ৫৮ রান করার পর ম্যাচ জয়ী বোলিং করেন তিনি, ৩৯ রান দিয়ে নেন ৫ উইকেট।
এই বছরের অ্যালামনাকে ভারতের পুরুষ ক্রিকেটারদের আধিপত্য। শুবমান গিল, রবীন্দ্র জাদেজা, ঋশাভ পান্ত ও মোহাম্মদ সিরাজ উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের মধ্যে আছেন। ইংল্যান্ডের বিপক্ষে ২-২ এ ড্র হওয়া রোমাঞ্চকর টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন তারা।
এই বছরের বড় অ্যাওয়ার্ড জয়ীদের মধ্যে একমাত্র ইংলিশ ক্রিকেটার সাবেক ওপেনার হাসিব হামিদ। অ্যালামনাকের সবচেয়ে পুরোনো পুরস্কার বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের তালিকা পূর্ণ করেছেন তিনি।
স্পোর্টস ডেস্ক 
























