নতুন বছর ২০২৬ শুরু হতে না হতেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ব্যস্ততার ঢেউ লেগেছে। ফুটসাল, সাফ চ্যাম্পিয়নশিপ, এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব এবং এশিয়ান গেমসের মতো বড় সব আসরে অংশ নেবে লাল-সবুজের প্রতিনিধিরা। সব মিলিয়ে বছরজুড়েই আন্তর্জাতিক অঙ্গনে সরব থাকবে বাংলাদেশের ক্রীড়াবিদরা।
বছরের শুরুতেই থাইল্যান্ডের মাটিতে বসছে সাফের ফুটসাল আসর। আগামী ১৩ থেকে ২৫ জানুয়ারি সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ এবং ১৪ থেকে ২৬ জানুয়ারি ছেলেদের সাফ ফুটসাল অনুষ্ঠিত হবে।
তবে বছরের সবচেয়ে বড় আকর্ষণ অপেক্ষা করছে মার্চে। ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। সেখানে গ্রুপ পর্বে বাঘিনীদের প্রতিপক্ষ চীন (৩ মার্চ), উত্তর কোরিয়া (৬ মার্চ) এবং উজবেকিস্তান (৯ মার্চ)।
অন্যদিকে, পুরুষ ফুটবল দলের জন্য এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ৩১ মার্চ। সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচে হামজা চৌধুরী ও শমিত সোমদের মতো প্রবাসী তারকাদের দলের সঙ্গে দেখা যেতে পারে।
এপ্রিল মাসে আবারও থাইল্যান্ডে চোখ থাকবে ফুটবলপ্রেমীদের। ১ থেকে ১৮ এপ্রিল সেখানে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ। গ্রুপ পর্বে বাংলাদেশের মেয়েরা লড়বে স্বাগতিক থাইল্যান্ড (১ এপ্রিল), চীন (৪ এপ্রিল) এবং ভিয়েতনামের (৭ এপ্রিল) বিপক্ষে। এছাড়া বছরের শেষার্ধে আগস্ট ও সেপ্টেম্বরে ছেলেদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে, যদিও এর ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।
বাফুফে জানিয়েছে, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে ছেলেদের এবং বছরের শেষ তিন মাসে মেয়েদের ফিফা উইন্ডোতে বেশ কিছু প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ফুটবলের বাইরেও বড় সব আসরে অংশ নেবে বাংলাদেশ। জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ও এশিয়ান প্যারা গেমস এবং স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে লড়বেন বাংলাদেশের অ্যাথলেটরা। এছাড়া চীনে এশিয়ান বিচ গেমস এবং ডিসেম্বরে ঢাকায় ব্যাডমিন্টনের নিয়মিত আসর ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক চ্যালেঞ্জ’ অনুষ্ঠিত হবে।
ক্রীড়া ডেস্ক 

























