লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ওই কনস্টেবলের নাম বেদ প্রকাশ। তিনি ভারতের ১৭৪ অর্জুন বিএসএফ ক্যাম্পের সদস্য।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে দহগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আঙ্গরপোতা বিওপি এলাকার ডাঙ্গাপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস-এর কাছাকাছি এলাকায় একটি ভারতীয় গরুকে তাড়া করতে গিয়ে কনস্টেবল বেদ প্রকাশ শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ ভেতরে ঢুকে পড়েন। এ সময় সীমান্তে টহলরত ৫১-বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে অস্ত্রসহ আটক করে ক্যাম্পে নিয়ে যান।
আটকের সময় ওই বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শর্টগান, ২ রাউন্ড গুলি, একটি ওয়ারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
দহগ্রাম ইউনিয়নের বাসিন্দা রেজানুর রহমান রেজা অভিযোগ করে বলেন, ‘‘তিন দিকে ভারত বেষ্টিত হওয়ায় বিএসএফ প্রায়ই এই সীমান্তে উসকানিমূলক আচরণ করে। এর আগেও ২০১৪ সালের চুক্তির দোহাই দিয়ে নোম্যান্সল্যান্ডে কাঁটাতারের বেড়ায় মদের বোতল ঝুলিয়ে রাখার মতো ঘটনা ঘটিয়েছিল তারা।’’
আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী বিএসএফ সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ৫১-বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লে. কর্নেল সেলিম আল দীন জানান, বিষয়টি নিয়ে বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ চলছে। আলোচনার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিস্তারিত পরে জানানো হবে।
সাফিউল ইসলাম সাফি, পাটগ্রাম (লালমনিরহাট) 



















