রংপুর মেট্রোপলিটন তাজহাট এলাকায় সদ্য নামকরণকৃত শহীদ আবু সাঈদ রোডের (শহীদ আবু সাঈদ গেটের বিপরীতে) সংযোগ সড়কের কাঠের ব্রীজটি বেহাল দশা এই মারাত্মক ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ দিয়ে প্রতিদিন হাজারো শিক্ষার্থী শিক্ষক পথচারী, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে এই কাঠের সেতুটি উপর দিয়ে পারাপার করছেন। সেতুটি ভাঙাচোরা ও নড়বড়ে হওয়ায় যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে সেতুটি সংস্কার না করায় এর কাঠ পচে গেছে এবং কিছু অংশ ইতোমধ্যে ভেঙেও পড়েছে। ফলে বৃষ্টি বা সামান্য ভারী যান চলাচলেই সেতুটি দুলে ওঠে। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল ভয়ংকর ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
সরদার পাড়ার স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, আমরা প্রতিদিন এই সেতু পার হই। কাঠগুলো এতটাই দুর্বল হয়ে গেছে যে, একদিন না একদিন বড় দুর্ঘটনা ঘটবেই। প্রশাসনের কেউ এখনো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেনি।”আরেকজন স্কুলশিক্ষার্থী জানান,আমরা প্রতিদিন ভয় নিয়ে এই ব্রিজ পার হই। পা ফসকে নিচে পড়ে যাওয়ার আশঙ্কা সবসময় থাকে। দ্রুত এটি মেরামত করা দরকার।”স্থানীয় সচেতন নাগরিকরা জানান, সেতুটি সরদার পাড়া ও আশপাশের কয়েকটি এলাকার প্রধান সংযোগপথ। এর মাধ্যমে হাজারো মানুষ প্রতিদিন শহীদ আবু সাঈদ রোডে যাতায়াত করেন। তাই সেতুটি দ্রুত মেরামত বা নতুনভাবে নির্মাণ করা জরুরি।তারা আরও বলেন,এটি শুধু একটি কাঠের সেতু নয়, এলাকার মানুষের দৈনন্দিন চলাচলের প্রধান পথ। এখনই উদ্যোগ না নিলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাই প্রশাসন ও জনপ্রতিনিধিরা দ্রুত ব্যবস্থা নিন।”
এদিকে এলাকাবাসী ও শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমে ব্রিজটি সাময়িকভাবে মেরামতের প্রস্তুতি নিচ্ছেন। তাদের আহ্বান—
সবাই এগিয়ে আসুন, ঐক্যবদ্ধভাবে ঝুঁকিপূর্ণ এই সেতুটি মেরামত করি। এটি এখন সময়ের দাবি।
রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী দৈনিক আমাদের মাতৃভূমিকে নিশ্চিত করে সেতুটি আমাদের নয়,তবে কাগজপত্র পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি 




















