রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডে হোসেননগর এলাকায় বিজ্ঞ আদালতে বিচারাধীন একটি জমি সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া সত্ত্বেও সীমানা প্রাচীর ভাঙার জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছে রংপুর সিটি কর্পোরেশন প্রশাসনের বিরুদ্ধে।
ভুক্তভোগী মো: শফিউল আলম অভিযোগ করেন, তার পৈতৃক সূত্রে প্রাপ্ত জমির একটি রাস্তা ঘিরে ইতোমধ্যে একটি মামলা রাষ্ট্রপক্ষের সঙ্গে বিজ্ঞ আদালতে চলমান রয়েছে। মামলাটি এখনো নিষ্পত্তি হয়নি। এই পরিস্থিতিতে রংপুর সিটি কর্পোরেশনের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি পাঠিয়ে সময় বৃদ্ধি দিয়ে যায় এবং উক্ত সময়ের মধ্যে সীমানা প্রাচীর ভাঙার নির্দেশ দেন এবং এতে চাপ সৃষ্টি করেন।
মো: শফিউল আলম দাবি করেন, বিষয়টি আদালতের বিবেচনাধীন থাকায় কোনও ধরনের সরকারি পদক্ষেপ গ্রহণ করা আইন বহির্ভূত এবং ন্যায়বিচারের পরিপন্থী। তিনি আরও বলেন, “আমার পৈত্রিক সম্পত্তির ব্যাপারে মামলা চলমান থাকা অবস্থায় এ ধরনের হস্তক্ষেপ আমাকে এবং আমার পরিবারকে ভীত ও আতঙ্কিত করছে।”
এ বিষয়ে স্থানীয়দের মধ্যেও অসন্তোষ বিরাজ করছে। তারা মনে করছেন, কোনো জমি নিয়ে মামলা বিচারাধীন থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সংবেদনশীল ও আইনসম্মত আচরণ করা উচিত।
এ বিষয়ে রংপুর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা মন্তব্য করতে রাজি হননি। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে একটি ব্যাখ্যা চাওয়া হতে পারে বলে জানা গেছে।
ভুক্তভোগী মো:শফিউল আলম দ্রুততম সময়ের মধ্যে আদালতের নির্দেশনা না আসা পর্যন্ত সব ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন।
শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি 

























