সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (এসইডিপি) এর আওতায় “পারফর্মেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিউশনস” স্কিমে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলনা এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মোস্তাফিজুর রহমান সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবু সালেহীন খান, বিআরডিবি প্রকল্প কর্মকর্তা শাহীনুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসমূহকে তাদের একাডেমিক ফলাফল, ছাত্র উপস্থিতি, শিক্ষক প্রশিক্ষণ, এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার মান উন্নয়নের উপর ভিত্তি করে পুরস্কৃত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “পারফর্মেন্স বেজড গ্র্যান্টস স্কিম আমাদের শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে সহায়ক হয়েছে। এটি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তাদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করেছে।”
পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ তাদের এই স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানায় এবং ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, এসইডিপি বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা খাতে মানোন্নয়ন ও সম্প্রসারণের জন্য একটি যুগান্তকারী কর্মসূচি হিসেবে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে পারফর্মেন্স বেজড গ্র্যান্টস স্কিম চালু করা হয়, যার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করা হয়।
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ 




















