ভোর রাতে শ্বাসকষ্টে মারা যান মা। শোকে বিহ্বল স্বজনেরা লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছেন। এমতাবস্থায় মায়ের লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন মেয়ে।
সোমবার (২১এপ্রিল) শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় কুচাইপট্রি ইউনিয়নের চরমাইজারী গ্রামে এমন চিত্র দেখা যায়। পরীক্ষায় অংশ নেওয়া এসএসসি পরীক্ষার্থীর নাম মুন্নি আক্তার (১৫)। তিনি চরমাইজারী গ্রামের কাশেম মৃধার মেয়ে ও চরমাইজারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে মুন্নি সবার ছোট। সোমবার ভোরে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা যান তার মা জলেখা। মায়ের লাশ ঘরে রেখেই কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেন এ শিক্ষার্থী।
মুন্নির চাচি কমলা বলেন, ‘দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিল আমার জা। আজ ভোরে তিনি মারা যান। মুন্নির মায়ের মরদেহ বাড়িতে রেখেই পরীক্ষা দিতে গিয়েছে। মুন্নি বাড়িতে আসলে তার মাকে কবর দেওয়া হবে।’
মোঃ আনোয়ার হোসেন (বাবু সিকদার), শরীয়তপুর জেলা ব্যুরো 






















