চট্টগ্রামের মিরসরের উপজেলার গ্রামীণ সড়কে মাটি বহনকারী ট্রাক থেকে মাটি পড়ে প্রচন্ড পিচ্ছিল হয়ে পড়ে। যার ফলে সড়কে গাড়ি ও মানুষের চলাচল অসাধ্য হয়ে পড়ে। এছাড়াও বেশ কয়েকটা ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। এমতাবস্থায় ক্ষতিগ্রস্ত সড়ক গুলোতে পরিষ্কার-পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ৭নং কাটাছড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী ক্যাম্পেইনে উপজেলার ছত্তার ভুইয়াঁর হাট টু বামন সুন্দর দারোগার হাট বাজার ও ঠাকুর দিঘী বাজার টু ঝুলোনপোল বাজার সড়কগুলো পানি দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
এসময় পরিচ্ছন্ন ক্যাম্পেইনে ৭নং কাটাছড়া ইউনিয়ন বাংলাদেশ জামায়েত ইসলামি আমীর নুর হোসেন, জোরারগঞ্জ থানা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক বোরহান উদ্দিন, ৭নং কাটাছড়া ইউনিয়ন যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, জোরারগঞ্জ থানা যুব বিভাগের সহ-সভাপতি শহীদুল্লাহ ভুঁইয়াসহ ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
কাটাছড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর নুর হোসেন বলেন, গত দু’দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাস্তায় পড়ে থাকা মাটি গুলোর কারণে মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। বেশ কয়েকটা ছোটখাটো দুর্ঘটনা ঘটে। এতে দুর্ঘটনা এড়াতে এবং মানুষের দুর্ভোগ লাঘব করতে আমাদের সড়ক পরিচ্ছন্ন ক্যাম্পেইনের উদ্যোগ নেয়া হয়।
তিনি আরও বলেন, আমরা অনুরোধ করবো যারাই মাটি বহনকারী ট্রাক দ্বারা এমন কাজ করেছেন তারা এটি ভালো করেননি। কারণ পরিষ্কার করতে গিয়ে দেখা যায় সড়কে এত মোটা হয়ে আছে মাটি, যে বার বার পানি দিয়েও তোলা যাচ্ছে না।
মিরসরাই প্রতিনিধি:: 
























