বালুবাহী বলগেটের ধাক্কায় ভেঙে গেছে কুমিল্লার তিতাসের নারান্দিয়া ইউনিয়নে গোমতী নদীর উপর নির্মিত কাঠের তৈরি একটি বিকল্প সেতু। এতে উপজেলার ৩০টি গ্রামের লক্ষাধিক মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। এ সেতু দিয়ে হেঁটে প্রতিদিন লক্ষাধিক মানুষ চলাচল করত। এখন চলাচলে নৌকা ছাড়া আর কোনো বিকল্প থাকল না।
বুধবার বেলা ৩টায় দুটি বালুবাহী বলগেট প্রতিযোগিতা করতে গেলে সংঘর্ষে কাঠের তৈরি সেতুটি ভেঙে নদীতে পড়ে যায়। এতে মানুষের আসমানিয়া বাজারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
উপজেলার বাতাকান্দি-রায়পুর ভায়া মাছিমপুর ৭৫ মিটার ব্রিজের নির্মাণ কাজ হাতে নিয়েছে কর্তৃপক্ষ। তাই গোমতী নদীর উপরে ইস্পাতের পুরোনো নড়বড়ে সেতুটি সরিয়ে নিয়ে তার পাশেই মানুষের বিকল্প চলাচলের জন্য কাঠের সেতুটি নির্মাণ করা হয়। এই সেতুটি দিয়েই মানুষ চলাচল করছিল।
এ ব্যাপারে নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা বলেন, দুটি বালুবাহী বলগেটের ধাক্কায় কাঠের সেতুটি ভেঙে যায়। একটি বলগেট সেতুর নিচে আটকে আছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। ঠিকাদার ও প্রকৌশলীর সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেব।
উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আপাতত মানুষের চলাচলের জন্য নৌকার ব্যবস্থা করে দিয়েছি। দ্রুত সেতুটি মেরামতের ব্যবস্থা করা হবে।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 






















