রাজশাহীর বাঘায় ১০টি ওয়ান শুটারগানসহ শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী আবদুর রশিদ ব্যাপারীকে (৩৬) গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোর সাড়ে ৪টায় আলাইপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
আবদুর রশিদ উপজেলার আলাইপুর নাপিতপাড়া গ্রামের মৃত মোবারক মণ্ডলের ছেলে।
জানা গেছে, আবদুর রশিদ উপজেলার আলাইপুর নাপিতপাড়া গ্রামের তার শ্বশুর এখলাস উদ্দিনের বাড়িতে অস্ত্র বিক্রির জন্য অবস্থান করছিল। এমন তথ্যের ভিত্তিতে রাজশাহীর র্যাব-৫ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় তার ঘরের বড় টিনের বাক্সের ভিতরে স্কচটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ১০টি ওয়ান শুটারগান উদ্ধার করে।
আবদুর রশিদ একজন প্রাইভেটকারচালক। নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী স্থান হতে অস্ত্র ও গুলি সংগ্রহ করে তার নিজ এলাকায় এনে বিক্রয় করে আসছিলেন। তিনি এলাকার চিহ্নিত মাদক সম্রাট। অস্ত্র প্রদর্শনের মাধ্যমে নিজ এলাকায় আধিপত্য বিস্তার করে মাদক ব্যবসাসহ অরাজকতা সৃষ্টি করছিল। এর আগেও একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অবৈধ মাদকদ্রব্যসহ ধরা পড়েন।
এ বিষয়ে বাঘা থানার এসআই সাইদুল ইসলাম বলেন, র্যাব-৫ এর উপ-পরিদর্শক (এসআই) জয়দেব শর্মা বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 






















