অবৈধভাবে বালু উত্তোলনের প্রভাবে নদীভাঙনে এক রাতেই বিলীন হয়েছে ফসলি জমি ও গ্রামীণ সড়ক। হঠাৎ ভাঙনে জমি হারিয়ে দিশাহারা কৃষকরা। অন্যদিকে, সড়ক বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে পড়েছেন পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষ। দ্রুত নদীভাঙন রোধ ও বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
১৭ কাঠা জমিই ছিল ঝর্ণা বেগমের শেষ সম্বল। সেই জমিতে চাষাবাদ করেই চলত তার সংসার। কিন্তু এক রাতেই যমুনার শাখা নদীর ভাঙনে বিলীন হয়েছে তার সেই সম্বল। জমি হারিয়ে এখন দিশাহারা তিনি। ঝর্ণা বেগম বলেন, দীর্ঘদিন ধরে এই জমিতে চাষাবাদ করে সংসার চালাতাম। কিন্তু এক রাতেই সব নদীতে চলে গেল। এখন কীভাবে সংসার চালাব, তা নিয়ে চিন্তায় আছি। জামালপুরের মাদারগঞ্জে শুধু ঝর্ণা বেগমের জমিই নয়, নদীগর্ভে চলে গেছে আরও কয়েকজন কৃষকের প্রায় দুই বিঘা ফসলি জমি ও একটি গ্রামীণ সড়কের ৬০ মিটার অংশ।
সরেজমিনে দেখা যায়, মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এলাকায় ছোট যমুনা নদীর তীরে ভাঙন অব্যাহত রয়েছে। নদীর পাড়ের মাটি ধসে পড়ছে প্রতিনিয়ত। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি ও গ্রামীণ সড়কের একটি অংশ। এতে হুমকির মুখে পড়েছে আশপাশের জমি ও বসতবাড়ি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুখনগরী থেকে শুরু হওয়া সড়কটি অন্তত পাঁচটি গ্রামের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। প্রতিদিন পাঁচ হাজারের বেশি মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। কিন্তু নদীভাঙনে সড়কটির প্রায় ৬০ মিটার অংশ বিলীন হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। বিকল্প পথে চলাচল করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে নদী থেকে বালু উত্তোলন, এর আগে বালু উত্তোলন বন্ধ হয়েছিল, আবার সাত দিন হলো চালু হয়েছে, এখন রাস্তা ভেঙে গেছে। স্থানীয় বাসিন্দা সামাদ মিয়া বলেন, সড়কটি ভেঙে যাওয়ায় আমাদের পাঁচ গ্রামের মানুষের যাতায়াতের কষ্ট হয়ে গেছে। আমরা এর বিচার চাই এবং রাস্তা চাই আমরা।
অভিযুক্ত ড্রেজার মালিক মো. আজাদ বলেন, আমি প্রশাসনের অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন করছি। মূলত এটা আমাদের এলাকা, এজন্য কারও অনুমতি প্রয়োজন হয়নি। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, অবৈধ বালু উত্তোলনের বিষয়টি খতিয়ে দেখা হবে। ড্রেজার জব্দসহ এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শুধু সুখনগরী নয়, যমুনা, ব্রহ্মপুত্র ও আলাইসহ জামালপুরের বিভিন্ন নদ-নদীর অন্তত ২০টি স্থানে অবাধে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এসব স্থানে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর নজরদারি ও নিয়মিত অভিযান প্রয়োজন।
নিজস্ব প্রতিবেদক 
























