নামজারির আবেদন নিয়ে প্রায় চার মাস ঘোরানোর পর সাড়ে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মকর্তার বিরুদ্ধে। গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে টাকা ফেরত দিয়েও শেষ রক্ষা হয়নি তার। এবার অভিযান চালিয়ে ঘুষ গ্রহণের ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসে অভিযান পরিচালনা করে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।
প্রধান কার্যালয়ের নির্দেশে অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক আরিফ হোসেন। দুদক সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নামজারির ফাইল আটকে সাড়ে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার পর তা ফেরত দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর অভিযান চালায় দুদক। এ সময় ভুক্তভোগী, অভিযুক্ত ভূমি কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তথ্য-উপাত্ত সংগ্রহ করেন কর্মকর্তারা।
ভুক্তভোগী এমডি আওলাদ হোসেন জানান, জমি কেনার পর নামজারির আবেদন করে প্রায় চার মাস তাকে ঘুরতে হয়েছে। পরে এক সপ্তাহের মধ্যে কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. শরীয়ত উল্লাহ তার কাছ থেকে সাড়ে ১০ হাজার টাকা নেন।
বিষয়টি জানাজানি হলে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ডিসিআর বাবদ ৩০০ টাকা রেখে বাকি ১০ হাজার ২০০ টাকা ফেরত দেন ওই কর্মকর্তা। দুদকের অভিযান চলাকালেও কর্মকর্তাদের সামনে টাকা ফেরত দেওয়ার বিষয়টি স্বীকার করেন শরীয়ত উল্লাহ।
অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক আরিফ হোসেন জানান, ঘুষ গ্রহণ এবং পরবর্তী সময়ে টাকা ফেরত দেওয়ার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনের প্রধান কার্যালয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানো হবে।
এদিকে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহউদ্দিন আইয়ুবী জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আগামী ১৮ নভেম্বর অভিযুক্ত ভূমি কর্মকর্তা ও ভুক্তভোগীকে নোটিশ দিয়ে ডাকা হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শুনে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
দুদকের অভিযানে ঘুষ গ্রহণের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্ত কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদক 
























