গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর নানা উদ্যোগ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নাটোরে লিফলেট বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৭ অক্টোবর) জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিকালে নেতাকর্মীরা পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং সরকারের নেওয়া জনকল্যাণমুখী নানা পদক্ষেপে সাধারণ মানুষের জীবনযাত্রায় কী ধরনের ইতিবাচক প্রভাব পড়ছে—তা বিস্তারিতভাবে তুলে ধরেন।
লিফলেটে মূলত বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে সরকারের তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি উদ্যোগ এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার বিষয়ে আলোকপাত করা হয়। সরকারের এসব বাস্তবমুখী উদ্যোগের সুফল সম্পর্কে জনসাধারণকে জানানো এবং সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল এই লিফলেট বিতরণের মূল উদ্দেশ্য।
এ সময় নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ও শহীদ খান, সদস্য আব্দুস সামাদ, নাজমুল আহসান শাওন এবং মামুন খান উপস্থিত ছিলেন।
এ ছাড়া নাটোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রহমান ও সাদ্দাম হোসেন, সদস্য লিখন মোল্লাসহ সংগঠনের জেলা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।
নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে তারা এভাবেই সাধারণ মানুষের পাশে থেকে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগগুলোর বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন।
এস এম আয়নুল হক, রাজশাহী ব্যুরো 



















