উপজেলা পর্যায়ে সার্বিক স্বাস্থ্যসেবার মান পর্যবেক্ষণ ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ (ওপিডি), মহিলা ও পুরুষ ওয়ার্ড, প্রসূতি সেবাকেন্দ্র এবং পরীক্ষাগার বিভাগ সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি হাসপাতালে ভর্তি রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার মান সম্পর্কে তাঁদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে সিভিল সার্জন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি বলেন, “হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনোভাবেই ভোগান্তির শিকার না হন। সরকারের লক্ষ্য প্রান্তিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। আর তা বাস্তবায়নে আমাদের সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
তিনি চিকিৎসকদের সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা, জরুরি সেবা নিরবচ্ছিন্ন রাখা এবং হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেন।
এ সময় কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মীর মোহাম্মদ আমিনুল ইসলাম মঞ্জু, এমওডিসি ডা. সোহেল রানাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক ও কর্মচারী উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সিভিল সার্জন হাসপাতালের সার্বিক সেবার পরিবেশে সন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।
মো. নুর হোসেন-কমলনগর প্রতিনিধি 


















