বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগপন্থি চেয়ারম্যান ওমর ফারুক ও বিএনপি নেতা মিছবাহ উদ্দিন মিন্টুর যোগসাজশে বেআইনিভাবে ট্যাক্স-টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগ তুলে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ফাইতং ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় কথিত কিছু ব্যক্তির যোগসাজশে দীর্ঘদিন ধরে এলাকার কৃষক ও সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে চাঁদা বা ট্যাক্স আদায় করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে স্থানীয়রা অভিযোগ করে বলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান মিছবাহ উদ্দিন মিন্টু নামের এক ব্যক্তিকে বেআইনিভাবে ট্যাক্স ও টোল আদায়ের সুযোগ করে দিয়েছেন। কোনো বৈধ রসিদ বা ইউপি ইজারার কাগজপত্র ছাড়াই এই চাঁদাবাজি চালানো হচ্ছে বলে অভিযোগ তাঁদের।
স্থানীয়দের মতে, ফাইতং ইউনিয়নের প্রায় ৯০ শতাংশ মানুষ কৃষিপেশার সঙ্গে জড়িত। সামান্য ১০-১২ কেজি কৃষিপণ্য কিংবা ছোটখাটো মালামাল পরিবহনের ক্ষেত্রেও তাঁদের কাছ থেকে জোরপূর্বক মোটা অঙ্কের টাকা বা চাঁদা আদায় করা হচ্ছে।
বক্তারা আরও জানান, বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে বৈঠক করা হলে তিনি স্পষ্ট করে জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এমন কোনো ট্যাক্স বা ইজারা আদায়ের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু এরপরও ইজারাদার পরিচয়ে হেলাল উদ্দিন ও মিছবাহসহ কয়েকজন এবং তাঁদের সহযোগীরা অবৈধভাবে ইজারার গেট বসিয়ে চাঁদা তুলে আসছিলেন বলে অভিযোগ করা হয়।
এলাকাবাসী ও বক্তারা অবিলম্বে অবৈধভাবে আদায় করা সব টাকা সাধারণ মানুষ ও কৃষকদের ফেরত দেওয়ার জোর দাবি জানান। পাশাপাশি অবৈধ গেট অপসারণ না করলে চাঁদাবাজদের ধরে সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার ঘোষণা দেন তাঁরা।
ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক জানান, গেট ইজারা দেওয়া হয়নি। তবে পরিষদের পক্ষে হেলাল উদ্দিন নামে একজনকে টোল আদায়কারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 



















