টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন মিয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৬ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ ও জেলা কার্যালয়, টাঙ্গাইলের সমন্বয়ে পরিচালিত যৌথ মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়।
অধিদপ্তর সূত্র জানায়, সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে কালিহাতী উপজেলার পাথালকান্দি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। যমুনা সেতু-টাঙ্গাইল মহাসড়কের পাশে জনৈক ফরজ আলীর ফার্নিচারের দোকানের দক্ষিণ পাশে অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে আল আমিন মিয়াকে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে তার সঙ্গে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
আটক আল আমিন মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার চরকিলকাপুর গ্রামের মৃত মফিজল ও মৃত সায়েরা বেগমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা ও মোবাইল ফোন জব্দ করে আটক আল আমিন মিয়ার বিরুদ্ধে কালিহাতী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জীবন আহমেদ রাব্বি, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 


















