রংপুরের তারাগঞ্জ থানায় সদ্য যোগদান করা অফিসার ইনচার্জ (ওসি) মো. ইজার উদ্দিনের সঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় তারাগঞ্জ থানায় বাদ মাগরিব এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত ১ অক্টোবর তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. ইজার উদ্দিন।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, জুয়া, কিশোর অপরাধ, চুরি-ছিনতাই, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও মতবিনিময় করেন সাংবাদিকরা।
সভায় তারাগঞ্জ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ও প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন—এমন বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের স্থানীয় সাংবাদিকরাও অংশ নেন।
সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, অপরাধপ্রবণতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যকর ভূমিকা এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় নবাগত ওসি মো. ইজার উদ্দিন বলেন, “পুলিশ ও সাংবাদিক তথ্যের ভিত্তিতে কাজ করে। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আপনারা বিভিন্ন এলাকার অপরাধমূলক কর্মকাণ্ডের বস্তুনিষ্ঠ তথ্য আমাদের দেবেন—আশা করি, আমরা সেগুলো দায়িত্বের সঙ্গে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।”
তিনি তারাগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে তাদের সহযোগিতা করারও আশ্বাস দেন নবাগত এই পুলিশ কর্মকর্তা।
মতবিনিময় সভায় পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে তারাগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
শফিউল মন্ডল (রংপুর) প্রতিনিধি 


















