রংপুরের গঙ্গাচড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও জরিমানার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত আহত হয়েছেন তিনি। এ ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক আব্দুল বারী দুলাল গঙ্গাচড়া উপজেলার একটি গণমাধ্যমের প্রতিনিধি এবং গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি।
জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর গজঘণ্টা ইউনিয়নের উমর এলাকায় দীর্ঘদিন ধরে চলা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুর ইসলাম। ভূমি ব্যবস্থাপনা ও পরিবেশ আইন অনুযায়ী পরিচালিত ওই অভিযানে সংশ্লিষ্টদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন না করার বিষয়ে মুচলেকা নেওয়া হয়।
পরে প্রশাসনের ওই অভিযানের খবর স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। অভিযোগ রয়েছে, সংবাদ প্রকাশের জের ধরেই শুক্রবার সন্ধ্যায় উমর বাজার এলাকায় সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলা চালানো হয়।
আহত সাংবাদিকের অভিযোগ, গোলজার হোসেনের ছেলে কামরুল হাসান, তাঁর ছোট ভাই আমানুল্লাহ আমানসহ কয়েকজন ব্যক্তি দলবদ্ধ হয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালান। একপর্যায়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সাংবাদিকের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ঘটনার প্রতিবাদ জানান। আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে যান গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুছ সবুর, ইসলামি আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ, সংসদ সদস্য রায়হান সিরাজীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ ঘটনায় বিভিন্ন সাংবাদিক ও অনলাইন সংবাদমাধ্যমের সংগঠন প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামাণিক বলেন, “সত্য সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিক যদি হামলার শিকার হন এবং হামলাকারীদের যথাযথ শাস্তির আওতায় আনা না হয়, তাহলে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত হবে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।”
রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বলেন, “সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর অতর্কিত হামলা স্বাধীন সাংবাদিকতার কণ্ঠ রোধের চেষ্টা। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই। পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধেও প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।”
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
মোছাদ্দেক সৈকত, স্টাফ রিপোর্টার, রংপুর 

























