চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে যুবকদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ’ শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোলাহাট উপজেলার সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে সীমান্তবর্তী এলাকার ২৫ জন যুবক অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণে বাসাবাড়ি ও বহুতল ভবনে নিরাপদ বিদ্যুৎ সংযোগ, বৈদ্যুতিক ত্রুটি নিরসন এবং নিরাপদভাবে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক সরঞ্জাম স্থাপনের বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকার যুবকদের দক্ষ করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি বলেন, সীমান্ত এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং মানবকল্যাণে বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোলাহাটের আলালপুর দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের দুইজন দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক নিয়মিত ক্লাস পরিচালনা করবেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষক ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোহা. রকিব উদ্দীন স্টাফ রিপোর্টার 




















