কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত কয়েক ঘণ্টাব্যাপী এ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে মোট ৩৭৯ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় এবং তাঁর সরাসরি অংশগ্রহণে এ অভিযান পরিচালনা করা হয়। এতে জেলার ১৮টি থানার পুলিশ, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও ডিবি পুলিশের সদস্যরা অংশ নেন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত জেলার ১৮টি থানায় সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৩৭৯ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোরদের আড্ডা, উৎপাত কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে—এমন স্থানগুলোকে কেন্দ্র করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠপর্যায়ে উপস্থিত থেকে অভিযান তদারকি করেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে অপরাধের সঙ্গে জড়িত নয়—এমন কোনো ব্যক্তি যাতে অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজর রাখা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশ জানায়, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধপ্রবণ এলাকায় পুলিশের নজরদারি জোরদার করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 




















