নোয়াখালীর ডবেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার চৌমুহনী বাজারে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে পাঁচ পুরুষ ও সাত নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে চৌমুহনী বাজারের ডালিয়া মার্কেট এলাকায় অবস্থিত রাজ আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. ওসমান গনির নেতৃত্বে ডিবির একটি দল অভিযানটি পরিচালনা করে।
অভিযানে গ্রেপ্তার পাঁচ পুরুষ হলেন—বেগমগঞ্জ উপজেলার শরীফপুর এলাকার আরমান হোসেন (২২), হাতিয়া উপজেলার চরকৈলাশ এলাকার নাছির উদ্দিন (৩২), সুখচর এলাকার মিজানুর রহমান (২২), সুধারাম থানার নেওয়াজপুর এলাকার মোজাম্মেল হোসেন (২০) এবং কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্লকিয়া এলাকার মো. রাকিব হোসেন (১৯)।
পুলিশ জানায়, অভিযানে আরও সাত নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা হোটেলটির একটি কক্ষে অসামাজিক কাজে জড়িত ছিলেন।
অভিযান শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।
আহমেদ পেয়ার বলেন, জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী অপরাধ দমনে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।
আশরাফুল আলম সুমন 


















