নওগাঁর আত্রাইয়ে বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় সাথী (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার শাহাগোলা ইউনিয়নের রসুলপুর জেলেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাথী ওই গ্রামের প্রবাসী প্রেম কুমারের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাতে জানা যায়, শনিবার রাতে প্রতিদিনের মতো খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান সাথী। সকালে তার শাশুড়ি গৃহস্থালির কাজে পানি আনতে বাইরে যাওয়ার সময় সাথীকে ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয়। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় সাথীর মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে আত্রাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো কলহের জেরে ওই গৃহবধূ এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আব্দুল মজিদ মল্লিক-আত্রাই (নওগাঁ) প্রতিনিধি 



















