কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। কলেরা ভ্যাকসিন প্রয়োগে সারাদেশে প্রথম ধাপে দশটি উপজেলার মধ্যে একটি হোসেনপুর উপজেলায় ২ লাখ ৭ হাজার টিকার প্রথম ডোজ দেয়া হবে। উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৪৫টি টিকাদান কেন্দ্র খোলা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ নাজমুল করিম।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকোর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শামছুন্নাহার নাহার মাকসুদা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাদিকুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. এয়াসিন হাসিব খানসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, গন্যমান্য ব্যাক্তি ও সাংবাদিকৃন্দ।
জানা যায়, ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী এ টিকাদান কার্যক্রম চলবে। গর্ভবতী নারী ও ১ বছর কম বয়সি শিশু ব্যাতিত সকল নাগরিকই এ টিকা গ্রহণ করবেন।
সংশ্লিষ্টরা জানান, পানিবাহিত রোগ প্রতিরোধে টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি পান, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। এ ক্যাম্পেইনের মাধ্যমে কলেরা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং রোগের বিস্তার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রফিকুল ইসলাম হোসেনপুর প্রতিনিধি 



















