রংপুরের পীরগঞ্জে এক মাদ্রাসা শিক্ষককে তুলে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে চতরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় আহত শিক্ষক গোলাম রব্বানী বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার চতরা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার সরুলিয়া টি এম ফাজিল মাদ্রাসার প্রভাষক গোলাম রব্বানীর সঙ্গে দীর্ঘদিন ধরে দাদন ব্যবসার টাকা-পয়সা সংক্রান্ত বিরোধ চলছিল জিয়াউর রহমান জিয়ার। এরই জেরে রোববার দুপুরে জিয়াউর রহমান তার সহযোগীদের নিয়ে শিক্ষক গোলাম রব্বানীকে তুলে এনে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় শিক্ষককে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজমুল হক বলেন, “৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত শিক্ষককে উদ্ধার করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগের বিষয়ে অভিযুক্ত জিয়াউর রহমান জিয়ার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে মাদ্রাসা শিক্ষককে তুলে এনে মারধরের অভিযোগ, অভিযুক্ত আ.লীগ নেতা
-
তারিকুল ইসলাম তারিক পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি - আপডেট সময় ০১:১৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- ৫০৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ





















