গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত অসহায় ৫০টি পরিবারের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ২৪ লাখ টাকা মূল্যের ৫০টি বকনা গরু বিতরণ করা হয়েছে। রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের মধ্যে এসব গরু বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মজিবুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম. ফখরুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান। এতে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল আলম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. মতিয়ার রহমান, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ভিপি আ.ন.ম. খলিলুর রহমান ইব্রাহিম, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন এবং পৌরসভার মেয়র পদপ্রার্থী দেওয়ান জসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরে লটারির মাধ্যমে নির্বাচিত ৫০টি অসহায় পরিবারের হাতে একটি করে বকনা গরু তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, ভিক্ষাবৃত্তি নিরসন, টেকসই আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। উপকারভোগীরা গরু লালন-পালনের মাধ্যমে আয় বৃদ্ধি করে স্থায়ী জীবিকা গড়ে তুলতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।
আকাশ আহমেদ তারা-কালিয়াকৈরে গাজীপুর প্রতিনিধি 






















