দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারি নির্দেশনা, সমন্বিত প্রস্তুতি এবং অংশীজনদের দায়িত্ব সম্পর্কে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনায় স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক একটি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
২২ জুলাই বুধবার ২০২৬ তারিখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিটের আয়োজনে এবং জার্মান রেড ক্রসের সহযোগিতায় বরগুনা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে বরগুনা সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
যুব রেড ক্রিসেন্ট, বরগুনা ইউনিটের উপ যুব প্রধান-১ মো. সজিব হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিটের ইউনিট লেভেল অফিসার এম. এ. করিম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের ইয়ুথ অ্যান্ড ভলান্টিয়ার ডিপার্টমেন্টের প্রোগ্রাম অ্যাসোসিয়েট আশিস কুমার মণ্ডল, জার্মান রেড ক্রসের SDSC Project Manager আনোয়ারুল আবেদীন, Anticipatory Action (AA) Project Manager ফাইম আহমেদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিটের সেক্রেটারি এবিএম গোলাম হায়দার নীলু এবং ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক। এছাড়াও বরগুনা সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশনে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (SOD)-২০১৯-এর আলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় বিভিন্ন সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অংশীজনদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জার্মান রেড ক্রসের SDSC Project Manager আনোয়ারুল আবেদীন এসওডির বিভিন্ন দিক, দুর্যোগ ব্যবস্থাপনার কাঠামো, সমন্বয় ব্যবস্থা এবং দায়িত্ব বণ্টন বিষয়ে সেশন পরিচালনা করেন।
অপরদিকে, জার্মান রেড ক্রসের Anticipatory Action (AA) Project Manager ফাইম আহমেদ অ্যান্টিসিপেটরি অ্যাকশন (Anticipatory Action) এবং পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম (Forecast-based Action) বিষয়ে একটি তথ্যবহুল সেশন পরিচালনা করেন। তিনি দুর্যোগের পূর্বাভাসকে কাজে লাগিয়ে আগাম প্রস্তুতি গ্রহণ, সম্ভাব্য ক্ষয়ক্ষতি হ্রাস এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
সেশন শেষে অংশগ্রহণকারী সদস্যরা বরগুনার উপকূলীয় অঞ্চলের বাস্তব প্রেক্ষাপটে দুর্যোগ ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, পূর্বপ্রস্তুতি এবং কার্যকর বাস্তবায়ন কৌশল নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনায় অংশগ্রহণকারীরা তাঁদের অভিজ্ঞতা, মতামত ও সুপারিশ তুলে ধরেন এবং স্থানীয় পর্যায়ে এসওডির কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সমাপনী বক্তব্যে প্রধান অতিথি বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এ ধরনের সময়োপযোগী ওরিয়েন্টেশন আয়োজনের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও জার্মান রেড ক্রসকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, দুর্যোগপ্রবণ বাংলাদেশের প্রেক্ষাপটে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) সম্পর্কে সংশ্লিষ্ট সকল অংশীজনের সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দেশব্যাপী মানবিক কার্যক্রম, দুর্যোগ প্রস্তুতি এবং জরুরি সাড়াদান কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
ওরিয়েন্টেশনটি অংশগ্রহণকারীদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ, দায়িত্বশীলতা এবং পূর্বপ্রস্তুতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
মাওলানা মোঃ আব্দুল মোতালেব, স্টাফ রিপোটার। 





















