রংপুরের পীরগঞ্জ থানার ২০০৭ সালের বহুল আলোচিত ৬ বছর বয়সী শিশু তাজমিনা আক্তার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আবু তাহেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. আবু তাহের (পিতা: আশকর আলী) রংপুরের পীরগঞ্জ উপজেলার কাফ্রিখাল এলাকার বাসিন্দা। তিনি পীরগঞ্জ থানার মামলা নং-২০, তারিখ ১৪ ডিসেম্বর ২০০৭, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের হওয়া মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মো. ইমরান হোসেন অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ১৩ ডিসেম্বর ২০০৭ সালে কাফ্রিখাল থেকে শ্যামপুর যাওয়ার পথে একটি আখক্ষেত থেকে শিশু তাজমিনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি নিশ্চিত হয়। নিহত তাজমিনা আক্তারের বয়স ছিল ৬ বছর। মামলার বাদী ছিলেন তার মা সালেহা বেগম।
দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করায় মামলার বিচার কার্যকর হওয়ার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তারিকুল ইসলাম তারিক পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 





















