বরগুনার পাথরঘাটায় বন বিভাগের গাছের চারা রোপণ কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে ইঞ্জিনচালিত একটি ট্রলার ডুবে জাহাঙ্গীর (৪৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।১৫ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পদ্মা স্লুইস সংলগ্ন বলেশ্বর নদীর মাছের খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বন বিভাগের চারা রোপণ কাজে অংশ নিতে আটজন শ্রমিক একটি ট্রলারে করে রওনা দেন। মাছের খাল এলাকায় পৌঁছালে নদীতে হঠাৎ প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। এতে মুহূর্তের মধ্যে ট্রলারটি উল্টে যায়। সবাই নদীতে পড়ে গেলেও অন্য শ্রমিকরা গোপজালের খুঁটি ধরে প্রাণে রক্ষা পান। তবে জাহাঙ্গীর ঢেউয়ের মধ্যে নিখোঁজ হয়ে যান।
খবর পেয়ে স্থানীয়রা ৮ থেকে ১০টি ট্রলার নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থার সদস্যরাও উদ্ধার তৎপরতায় যোগ দেন। কয়েক ঘণ্টার অভিযান শেষে বিকেলে ঘটনাস্থল সংলগ্ন নদী থেকে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করা হয়।
পাথরঘাটা বন কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি পাথরঘাটা থানায় নিয়ে আসা হবে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। নিহত জাহাঙ্গীর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাদুরতলা ৮ নম্বর ওয়ার্ডের মৃত ছাহেদ হাওলাদারের ছেলে
মাওলানা মোঃ আব্দুল মোতালেব, স্টাফ রিপোটার 



















