জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকি হ্রাস, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে টাঙ্গাইলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। পরিবেশবাদী সামাজিক সংগঠন ‘সবুজ পৃথিবী’-এর উদ্যোগে জেলা শহরের বিভিন্ন এলাকায় এই সবুজায়ন কর্মসূচির আয়োজন করা হয়।
আজ সকালে টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন ঢাকা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাইন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মইনুল ইসলাম ভুঞা, ঢাকা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সহকারী উপ পরিচালক মোঃ আসাদুজ্জামান । এ সময় খাদ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও সবুজ পৃথিবীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব প্রতিনিয়ত দৃশ্যমান হচ্ছে। অসময়ে অতিবৃষ্টি, তীব্র দাবদাহ এবং অনাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে পরিত্রাণ পেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বিশেষ করে ঔষধি গাছ একদিকে যেমন পরিবেশের অক্সিজেন ও কার্বনের ভারসাম্য বজায় রাখে, অন্যদিকে মানবদেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও ভেষজ চিকিৎসার চাহিদা মেটাতে দারুণ ভূমিকা রাখে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন:
”আমরা শুধু গাছ লাগিয়েই ক্ষান্ত হব না, এগুলো যেন সঠিকভাবে বড় হতে পারে সেজন্য নিয়মিত পরিচর্যা তদারকি করা হবে। নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতেই আমাদের এই প্রয়াস।”
স্টাফ রিপোর্টার: সাইদ আল মামুন 






















