ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের মক্কার পোল এলাকায় টানা বৃষ্টির কারণে একটি বড় গাছ উপড়ে পাকা সড়কের ওপর পড়ে যায়। এতে সড়কটিতে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে পড়ে এবং স্থানীয়দের দুর্ভোগের সৃষ্টি হয়।
ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানের নির্দেশনায় পুলিশ পরিদর্শক রিপন কুমার সাহা, এসআই জসীম উদ্দীন, পিএসআই মেহেদি হাসান, কনস্টেবল আব্দুল আজিম ও কনস্টেবল আখতার হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
পরে পুলিশ সদস্যরা নিজ উদ্যোগে উপড়ে পড়া গাছটি কেটে সড়ক থেকে সরিয়ে ফেলেন। তাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই যানবাহন চলাচল স্বাভাবিক হয় এবং জনদুর্ভোগের অবসান ঘটে।
স্থানীয়রা পুলিশের এই তাৎক্ষণিক উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পুলিশের এমন মানবিক ভূমিকা সাধারণ মানুষের আস্থা আরও বাড়িয়েছে।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, “বাংলাদেশ পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনই করে না, যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতেও মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে গাছটি অপসারণ করে দ্রুত যান চলাচল স্বাভাবিক করেছে। ভবিষ্যতেও জনসেবামূলক এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “প্রাকৃতিক দুর্যোগের সময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বোরহানউদ্দিন থানা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। যে কোনো জরুরি প্রয়োজনে সাধারণ মানুষ পুলিশের সহযোগিতা নিতে পারেন।”
রিয়াজ ফরাজী 





















