নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে খেলতে মাঝ পথেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছাড়তে হয়েছিল নাহিদ রানাকে। এরপর টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দিলেও পিএসএলে খেলার জন্য অনাপত্তি পত্র (এনওসি) দেওয়া হয়নি। তবে তার দল পেশোয়ার জালমি ফাইনালে উঠায় গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলার অনুমতি পেয়েছেন তিনি।
নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জাভেদ আফ্রিদি লিখেছেন, ‘পিএসএলের ফাইনালে নাহিদ রানাকে খেলার অনুমতি দেওয়ার জন্য তামিম ভাইকে ধন্যবাদ।’
পিএসএলের এবারের আসরের আগে নিলাম থেকে ৬০ লাখ রুপিতে নাহিদকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছেন তিনি। দেশে ফেরার আগে পেশোয়ারের হয়ে ৫ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন নাহিদ। যেখানে ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৫.৪২।
কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পেশোয়ার। আগামী ৩ মে ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে তা এখনো ঠিক হয়নি। মুলতান সুলতান্স, হায়দরাবাদ কিংসম্যান ও ইসলামাবাদের মধ্যে যেকোন একটি দল ফাইনালে যাওয়ার সুযোগ পাবে।
স্পোর্টস ডেস্ক 






















