‘আল্লাহর ঘরে যাচ্ছেন, আমাদের জন্য দোয়া করবেন’ — বাবাকে বিদায় দিতে এসে এভাবেই বলছিলেন আমেনা বেগম। শুধু তিনিই নন, বরং রাজধানীর ঢাকার আশকোনা হজ ক্যাম্পের প্রধান ফটকের সামনে এমন শত শত আবেগঘন মুহূর্তের দেখা মিলছে।
সরেজমিন দেখা যায়, একদিকে সাদা এহরামের চাদরে শরীর ঢেকে আল্লাহর মেহমান হওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন হজযাত্রীরা। অন্যদিকে প্রিয়জনকে বিদায় জানাতে আসা স্বজনদের চোখের জলে তৈরি হচ্ছে আবেগঘন এক মুর্হূত।
শুক্রবার (১৭ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে হজযাত্রা শুরু হওয়ার পর, শনিবার (১৮ এপ্রিল) দ্বিতীয় দিনে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প এলাকায় ভিড় বেড়েই চলেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীদের পদচারণায় মুখর পুরো ক্যাম্প। দেখা যায়, ক্যাম্পের মূল ফটকের বাইরে অবস্থান করছেন শত শত মানুষ। নিরাপত্তার কারণে হজযাত্রী ছাড়া অন্য কাউকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। ফলে বাইরের রাস্তায় দাঁড়িয়েই চলছে বিদায় পর্ব।
ক্যাম্পের বাইরের গেটের খুব কাছেই দেখা গেল এক হৃদয়স্পর্শী দৃশ্য। অনেক স্বজন গেটের বাইরেই হজযাত্রীদের শেষ মুহূর্তের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে দিচ্ছেন। কেউ ব্যাগের চেইন টেনে দিচ্ছেন, কেউবা তসবিহ বা ছোট জায়নামাজটি হজযাত্রীর হাতে তুলে দিচ্ছেন।
ময়মনসিংহের বাসিন্দা হজযাত্রী আব্দুল আজিজ ক্যাম্পে প্রবেশ করার আগে বলেন, বহু বছরের স্বপ্নপূরণ হতে যাচ্ছে। পরিবারের মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি। সবাই দোয়া করবেন যেন হজ কবুল হয়।
এদিকে হজ অফিস সূত্রে জানা গেছে, হজযাত্রীদের সেবা ও নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পে কঠোর শৃঙ্খলা বজায় রাখা হচ্ছে। হজযাত্রীদের মালপত্র ব্যবস্থাপনা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ভেতরে পর্যাপ্ত বুথ রাখা হয়েছে। হজযাত্রীরা নির্বিঘ্নে বিমানবন্দরে যাতে পৌঁছাতে পারেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার জন্যে সার্বক্ষণিক তদারকি করছেন যাতে করে কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।
হজ ক্যাম্পের সার্বিক প্রস্তুতির বিষয়ে আশকোনা হজ ক্যাম্পের (হজ অফিস, ঢাকা) পরিচালক মো. লোকমান হোসেন বলেন, আমরা গুরুত্বের সঙ্গে হজযাত্রীদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করছি। ক্যাম্পের অভ্যন্তরে হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় সব সেবামূলক বুথ সচল রাখা হয়েছে যাতে তারা নির্বিঘ্নে সব প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।
উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিজস্ব প্রতিবেদক 
























