ক্রিকেটবিশ্বকে অবাক করে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেওয়া ইতালি খেলে ফেললো তাদের প্রথম ম্যাচ। তবে বিশ্বকাপে নিজেদের অভিষেকটা রাঙাতে পারেনি ইউরোপের দেশটি। স্কটল্যান্ডের বিপক্ষে হেরেছে ৭৩ রানের বিশাল ব্যবধানে। কিন্তু হেরে বিশ্বকাপ শুরু করলেও পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে চায় ইতালি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন ইতালির ভাইস ক্যাপ্টেন হ্যারি মেনাতি। সেখানে তিনি বলেন, ‘‘এখন হয়তো ড্রেসিং রুমে সবাই হতাশ হয়ে বসে আছে। তবে আমরা আমাদের সেরাটা দিতে চাই। আমাদের দক্ষতা কতটুকু, তা আমরা দেখাতে চাই। কয়েকদিনের মধ্যে আমরা আবারও মাঠে নামবো। আশা করছি, সেই ম্যাচেই আমরা ঘুরে দাঁড়াবো।’’
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের সময় গুরুতর আহত হয়ে মাঠ ছাড়েন ইতালির অধিনায়ক ওয়েন ম্যাডসেন। শেষ পর্যন্ত ব্যাট করতেও নামেননি তিনি। এমনকি বিশ্বকাপ থেকেই ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার। তাকে নিয়ে হ্যারি মেনাতি বলেন, ‘‘ম্যাডসেন ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছে। সেই ঘটনা দেখে খুবই খারাপ লাগছে। আশা করছি, সে ঠিক আছে।’’
স্কটল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানেই হেরেছে ইতালি। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৭ রান করে স্কটল্যান্ড। জবাবে ১৩৪ রানে থামে ইতালির ইনিংস।
আগামী বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে ইতালি। এরপর ১৬ ফেব্রুয়ারি তারা মাঠে নামবে ইংল্যান্ডের বিপক্ষে। আর গ্রুপপর্বের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মোকাবিলা করবে ইতালি।
ক্রীড়া প্রতিবেদক 

























