ধর্মপাশা উপজেলার শুনই গ্রামের হিজল বাগান এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি জমি অবৈধ দখলদারদের কবলে ছিল। শুনই মৌজার ৯৩ নং দাগের প্রায় ৮১ একর সরকারি পরিত্যক্ত জমি বেশ কিছু অংশ স্থানীয় প্রভাবশালী মহল কর্তৃক দখলকৃত ছিল, যা প্রকৃত ভূমিহীন কৃষকদের অধিকার বঞ্চিত করেছিল। এই অবৈধ দখল উচ্ছেদ ও সরকারি জমি উদ্ধারের লক্ষ্যে ধর্মপাশা এসি ল্যান্ড সঞ্জয় ঘোষের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
গত ২০ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলমান এই অভিযানে উপজেলা প্রশাসন, ভূমি অফিস ও স্থানীয় বাসিন্দাদের সমন্বিত সহযোগিতায় সরকারি জমি উদ্ধার করা হয়। সার্বিয়ার শাহীন মিয়ার সরাসরি সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুনই গ্রামের তথাকথিত মাতাব্বররা একটি সিন্ডিকেট গঠন করে সিংগেল বন্দোবস্ত বাতিলের কৌশল প্রয়োগের মাধ্যমে এই জমিগুলো দখলে রেখেছিল। প্রকৃত বন্দোবস্তপ্রাপ্ত ভূমিহীন কৃষকরাও দখলদারদের চাপে তাদের জমি ভোগ করতে পারছিলেন না।
হিজল বাগান এলাকার ৯৩ নং দাগে বন্দোবস্তপ্রাপ্ত আব্দুল খালেক জানান, “দীর্ঘদিন যাবত প্রভাবশালীদের দখল থাকা সত্ত্বেও আমরা প্রকৃত ভূমিহীনরা দখলে যেতে পারিনি।সামান্য জমি দখলে নেওয়ার চেষ্টা করেছিলাম, সেটাও বন্দোবস্ত বাতিলের কৌশলে আবেদন করে দখলদার প্রভাবশালীরা।
সরজমিনে গিয়ে দেখা যায়, মোঃ জামাল মিয়া,আলী আকবর, দুলাল মিয়া, খোরশেদ মাস্টার, আয়নাল হক, আরশাদ মিঞা ,আলী আকবর, রুবেল মাস্টার,শান্তু মিয়া, আলী আহমদ, মোঃ বিপুল মিয়া ও আব্দুল মালেক তাদের দখল থেকে দীর্ঘদিনের দখলকৃত জমি উদ্ধার করা হয়।
গুরুত্বপূর্ণ এ অভিযান পরিচালনায় এলাকার মানুষের মুখে সঞ্জয় ঘোষের প্রশংসা শোনা যায়। অনেকেই মনে করছেন দীর্ঘদিনের অন্যায়ের অবসান ঘটল। তবে একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যারা নানাভাবে এই জমি পুনরায় দখলের চেষ্টা চালাতে পারে।
উদ্ধারকৃত জমি সম্পর্কে এসি ল্যান্ড অফিস সূত্রে জানা যায়, জমির সীমানা চিহ্নিতকরণ ও যাচাই-বাছাই শেষে প্রকৃত ভূমিহীন ৩০ জন কৃষকের মধ্যে জমি বন্টনের প্রক্রিয়া শুরু হবে। এ বিষয়ে আইনানুগ সকল প্রকার সহযোগিতা প্রদান করা হবে বলে প্রশাসনিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।
ধর্মপাশায় সরকারি জমি উদ্ধারের এই অভিযান শুধু জমি দখলমুক্ত করাই নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠা ও দুর্বল জনগোষ্ঠীর অধিকার রক্ষায় একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। স্থানীয় প্রশাসনের দৃঢ়তাই প্রমাণ করেছে যে রাষ্ট্রীয় সম্পদের অবৈধ দখলদারিত্ব মেনে নেওয়া হবে না ।
আল আমিন, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি 
























