রেকর্ড মূল্যে দল পাওয়ার পরও শেষ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ আসরে খেলা হচ্ছে না বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাকে দল থেকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। শনিবার (৩ জানুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
গত মেগা নিলামে ৯ কোটি ২০ লাখ রুপির বিশাল অঙ্কে ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন দলটি। কিন্তু বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের জেরে তাকে দলে রাখা সম্ভব হলো না।
কেকেআর তাদের বিবৃতিতে জানায়, ‘‘আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের পক্ষ থেকে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার নির্দেশনা পাওয়া গেছে। বোর্ডের নির্দেশ মেনে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আলোচনার মাধ্যমেই আমরা তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছি।’’
বিবৃতিতে আরও জানানো হয়, মুস্তাফিজের শূন্যস্থান পূরণে কেকেআর বিকল্প খেলোয়াড় নিতে পারবে। বিসিসিআই আগেই এ বিষয়ে অনুমোদন দিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি শিগগিরই বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করবে।
মূলত গত ডিসেম্বরে ময়মনসিংহে দীপু দাস নামের এক ব্যক্তির নির্মম হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ভারতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একাধিক নেতা তখন মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবি তোলেন এবং কেকেআর মালিক শাহরুখ খানেরও কঠোর সমালোচনা করেন। সেই রাজনৈতিক ও কূটনৈতিক চাপের মুখেই বিসিসিআই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে আগামী মার্চ-মে মাসে অনুষ্ঠিতব্য আইপিএলের মাঠ মাতানো হচ্ছে না মুস্তাফিজের।
ক্রীড়া ডেস্ক 

























