রাশিয়ার সঙ্গে চলমান রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা যখন চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে, ঠিক সেই মুহূর্তেই প্রশাসনে বড় ধরনের রদবদল আনলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির নতুন চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তুখোড় গোয়েন্দা কর্মকর্তা ও সামরিক গোয়েন্দা বাহিনীর (জিইউআর) প্রধান কিরিলো বুদানভকে।
শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ঘোষণার মাধ্যমে প্রেসিডেন্ট জেলেনস্কি এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলেনস্কি তার বার্তায় বলেন, ‘‘এই মুহূর্তে ইউক্রেনের জন্য নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর উন্নয়ন এবং একই সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ সচল রাখা সবচেয়ে জরুরি। রাষ্ট্রের এই গুরুদায়িত্ব পালনে প্রেসিডেন্টের দপ্তরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।’’
নতুন নিয়োগ পাওয়া বুদানভ সম্পর্কে তিনি বলেন, ‘‘নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে কিরিলো বুদানভের বিশেষ অভিজ্ঞতা রয়েছে। রাষ্ট্রের লক্ষ্য অর্জনে তার সক্ষমতা প্রশ্নাতীত।’’
প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে ২০ দফার একটি শান্তিচুক্তি নিয়ে আলোচনা চলছে। গত বুধবারই জেলেনস্কি জানিয়েছিলেন, চুক্তির প্রায় ‘৯০ শতাংশ’ বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে। এমন এক সন্ধিক্ষণে ৩৯ বছর বয়সী বুদানভকে এই পদে আনা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
২০২০ সালের আগস্ট থেকে ইউক্রেনের জিইউআরের নেতৃত্ব দিয়ে আসছেন বুদানভ। ২০২২ সালে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের পর থেকে মস্কোর বিরুদ্ধে একের পর এক ‘দুঃসাহসী অভিযান’ এবং মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টিতে তার ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। তিনি চলমান যুদ্ধকে ইউক্রেনের ‘অস্তিত্ব রক্ষার লড়াই’ হিসেবেই দেখে আসছেন।
উল্লেখ্য, গত নভেম্বরে দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে তৎকালীন প্রভাবশালী চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাককে বরখাস্ত করেছিলেন জেলেনস্কি। এক মাসেরও বেশি সময় ধরে শূন্য থাকা সেই পদে এবার বসলেন গোয়েন্দা প্রধান বুদানভ।
আন্তর্জাতিক ডেস্ক 























