ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়েও হাল ছাড়তে নারাজ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ইনজুরি আর ফর্মহীনতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর এবার পাখির চোখ করেছেন আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়াতে সম্মত হয়েছেন তিনি।
বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর বরাতে জানা গেছে, নেইমারের নতুন এই চুক্তি ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ আসন্ন বিশ্বকাপের পুরো সময়টাই তিনি ব্রাজিলের এই ক্লাবটিতেই থাকবেন।
মূলত জাতীয় দলে নিজের জায়গা পুনরুদ্ধার করতেই নেইমারের এই সিদ্ধান্ত। ব্রাজিল দলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি আগেই কঠোর বার্তা দিয়ে রেখেছেন—কোনো খেলোয়াড় কেবল নামের ভারে দলে সুযোগ পাবেন না, বরং ফিটনেস ও পারফরম্যান্সই হবে বিশ্বকাপ স্কোয়াডের মাপকাঠি। সেই চ্যালেঞ্জ গ্রহণ করেই সান্তোসের জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান নেইমার।
উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে হাঁটুর গুরুতর চোটে পড়ার পর থেকে জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি এই তারকাকে। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলেও ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার পরিসংখ্যান এখনো ঈর্ষণীয়। সেলেসাওদের হয়ে ১২৮ ম্যাচে ৭৯টি গোল রয়েছে তার ঝুলিতে। এখন দেখার বিষয়, সান্তোসের হয়ে মাঠ মাত করে তিনি আনচেলত্তির বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারেন কি না।
ক্রীড়া ডেস্ক 























