খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইংয়ের বিভাগীয় আহ্বায়ক মোতালেব সিকদারকে দুর্বৃত্তদের গুলি করার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত ও শহর এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ৫৩ বিজিবি। অপরাধীরা যাতে সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সেজন্য জেলাজুড়ে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত ও শহর এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ এবং সীমান্তবর্তী এলাকায় মোট ১৯টি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
এর মধ্যে শহর এলাকায় ২টি এবং সীমান্তে ১৭টি চেকপোস্টের মাধ্যমে কঠোর তল্লাশী ও টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া আগে থেকে কার্যকর থাকা ২টি স্থায়ী চেকপোস্টে তল্লাশী কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের নির্দেশনায় এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। খুলনার ঘটনায় জড়িত অপরাধীরা যাতে কোনোভাবেই এই অঞ্চলের সীমান্ত ব্যবহার করে দেশত্যাগ করতে না পারে, সেজন্য বিজিবি সদস্যরা দিনরাত সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্তবর্তী বাসিন্দাদেরও সন্দেহভাজন কাউকে দেখলে তাৎক্ষণিক বিজিবিকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
মোঃ জাহিদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 



















