জাতীয় নাগরিক পার্টির ঢাকা-২০ (ধামরাই) আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বলেছেন, “আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করছি-যেখানে সবাই হাতে হাত ধরে, কাধে কাধ মিলিয়ে চলবো। আপনাদেরই একজন হয়ে আপনাদের সাথে থেকেই সবার জন্য কাজ করবো এবং ধামরাইয়ের উন্নয়ন করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রাখুন। এনসিপি জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে।”
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার চৌহাট ইউনিয়নের বাগবাড়িতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এনসিপি মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে শহীদ ওসমান হাদির স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
ইঞ্জি: নাবিলা তাসনিদ বলেন, “আমি আপনাদেরই মেয়ে, আপনাদেরই একজন। পড়াশোনা শেষ করে এক দশক একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে বিভিন্ন পদে কাজ করেছি। চাকরির কারণে দীর্ঘদিন এলাকায় নিয়মিত থাকা সম্ভব হয়নি। তবে শিক্ষাজীবন থেকেই এই এলাকার জন্য কাজ করার প্রচন্ড ইচ্ছা ছিল। আপনাদের দোয়া, সমর্থন ও সহযোগিতায় সেই ইচ্ছা বাস্তবায়ন করতে চাই, আপনাদের একজন হয়ে থাকতে চাই।”
তিনি আরও বলেন, “২০২৪ সালের জুলাই বিপ্লবের প্রতিবাদী কণ্ঠস্বর গতকাল শহীদ হয়েছেন। হাদি ভাইয়ের একটি কথা আজও মনে পড়ে—‘মৃত্যুর সিদ্ধান্ত হয় আসমানে, জমিনে নয়।’ সন্ত্রাস ও মববাজির বিরুদ্ধে শহীদ হাদি ভাই যে সংগ্রাম শুরু করেছিলেন, তা আমরা অব্যাহত রাখবো।”
এনসিপির ২৪ দফা ইশতেহারের কথা তুলে ধরে তিনি বলেন, “এই ২৪ দফার কোনো বিকল্প নেই। এটি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখবে। শাপলা কলিকে জনগণ জয়যুক্ত করবেই—কারণ সাধারণ মানুষের পরিবর্তনের স্বপ্ন কেবল জাতীয় নাগরিক পার্টির মাধ্যমেই সম্ভব।”
সর্বশেষে তিনি আওয়াজ তুলেন,”উপজেলা ধামরাই, গড়ে তুলবো আমরাই।”
অনুষ্ঠানে সাবেক চিত্রনায়ক খন্দকার খালিদ হোসেন টুটুল (সঞ্জয় খান), চাকুরিজীবী খন্দকার সাজ্জাদ হোসেন, এনটিভির কর্মকর্তা খন্দকার মোজাম্মেল হোসেন পাভেল, এনসিপির ঢাকা জেলার নেতা ফয়সাল হোসেন খান, ব্যবসায়ী আশিকুর রহমান খানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
আমি আপনাদের মেয়ে,আপনাদেরই একজন ইঞ্জিঃ নাবিলা তাসনিদ
-
সাইদ আল মামুন, স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০১:৩৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- ৬৬৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















