রাজনৈতিক দলের কোনো ব্যক্তি ওয়াজ মাহফিলে নির্বাচনী প্রচারনার বক্তব্য দিলে প্রশাসন সরাসরি গ্রেফতার করবে বলে জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নবাগত জেলা প্রশাসক বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ধর্মীয় ও সামাজিক পরিবেশ যেন কোনোভাবেই অশান্ত না হয়, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ওয়াজ মাহফিলসহ যেকোনো ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য বা প্রার্থীদের প্রচারণা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। সভা শেষে জেলা প্রশাসক সবার সহযোগিতা কামনা করে বলেন, প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও সুশাসিত চাঁদপুর গড়ে তোলা সম্ভব।
সাইদ আল মামুন - স্টাফ রিপোর্টার: 



















