আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২৩৭টি আসনের প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ উপজেলা) আসনে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
গত ৩ নভেম্বর (রবিবার) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের এই প্রাথমিক তালিকা অনুমোদন করা হয়।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অতীতে তিনবার বিএনপির মনোনয়নে সংসদ নির্বাচনে অংশ নেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিজয়ী হন, তবে ২০০৮ সালের নবম নির্বাচনে পরাজিত হন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় তিনি প্রার্থী হননি। ২০১৮ সালের একাদশ নির্বাচনে প্রার্থী হলেও ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচনের দিন দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দেন।
রাজবাড়ী জেলার রাজনীতিতে খৈয়ম একজন পরিচিত নাম। তিনি ২০০১ সালের নির্বাচনের আগে ওয়ার্কার্স পার্টি থেকে পরপর তিন মেয়াদে রাজবাড়ী পৌরসভার চেয়ারম্যান (মেয়র) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বিএনপিতে যোগ দিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ২০১৪ সালে সভাপতি নির্বাচিত হন।
দীর্ঘদিন রাজবাড়ীর রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থেকে তিনি তৃণমূল পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। স্থানীয়দের মতে, রাজবাড়ীর উন্নয়নে তার অবদান এবং জনগণের কাছে সহজ-সরল আচরণের কারণে তিনি এলাকার এক জনপ্রিয় নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
আনোয়ারুল ইসলাম, স্টাফ রিপোর্টার 























