আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে।
গত সোমবার (০৩ নভেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৩২টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন।
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষিত তালিকায় ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে ধানের শীষ প্রতীকে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সাবেক সংসদ সদস্য হাফেজ ইব্রাহিম। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং দলের একজন সিনিয়র নেতা হিসেবে দীর্ঘদিন ধরে ভোলায় সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। গেল ১৭ বছরে নেতাকর্মীদের বিপদে অভিভাবক হিসেবে সব সময় পাশে ছিলেন। ঘোষণার পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বোরহানউদ্দিন ও দৌলতখানের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন বলে জানা গেছে।
হাফেজ ইব্রাহিম সাংবাদিকদের বলেন,ভোলার মানুষ গণতন্ত্রপ্রিয় ইনশাআল্লাহ ধানের শীষের বিজয়ের মাধ্যমে তারা আবারও স্বাধীনতার চেতনা ও জনগণের অধিকার ফিরিয়ে আনবে। এছাড়াও ভোলা ২ আসনের নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন – আপনারা কেউ কোথায় মিষ্টি বিতরণ করবেননা, আপনাদের এখন করনীয় প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমার সালাম পৌঁছে দিয়ে ধানের শীষ মার্কা ভোট চাইবেন। এবং ভোটের প্রার্থনা করবেন।
উল্লেখ্য, বিএনপির ঘোষিত তালিকায় দেশের বিভিন্ন জেলার ২৩২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও কিছু আসনে এখনো সিদ্ধান্ত বাকি রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
রিয়াজ ফরাজী (ভোলা) 























