ককপিটের দরজায় ধাক্কা দিচ্ছিলেন বিমানের ক্রুরা। তবে সে ধাক্কার আওয়াজে ভয় পেয়ে বিমানটিকে জরুরি অবতরণ করিয়েছেন পাইলটরা। তারা ভেবেছিলেন কেউ একজন জোর করে ঢোকার চেষ্টা করছেন সেখানে। স্কাইওয়েস্ট এয়ারলাইন্স পরিচালিত একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্টের বরাতে এনডিটিভি জানায়, সোমবার রাতে নেব্রাস্কায় জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে।
প্রতিবেদন অনুযায়ী, বিমানটির অভ্যন্তরীণ ফোন ব্যবস্থায় সমস্যা থাকায় বিমানবালার সঙ্গে পাইলটদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এ কারণে ককপিটের ধাক্কাকে সম্ভাব্য নিরাপত্তা হুমকি মনে করেছিলেন পাইলটরা।
সে ধারণার পরিপ্রেক্ষিতে পাইলটরা ৬৪৬৯ ফ্লাইটটিকে ওমাহা এয়ারপোর্টে ফিরিয়ে নেন। এর ৪০ মিনিটেরও কম সময় আগে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন তারা।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-এফএএ এক বিবৃতিতে জানায়, নেব্রাস্কার ওমাহার এপলি এয়ারফিল্ডে স্থানীয় সময় সোমবার রাত পৌনে ৮টার দিকে নিরাপদে অবতরণ করে স্কাইওয়েস্টের ফ্লাইটটি। পাইলট কেবিন ক্রুদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় জরুরি পরিস্থিতি ঘোষণা দিয়ে বিমান অবতরণ করানো হয়।
আন্তর্জাতিক ডেস্ক 

























